নিজস্ব প্রতিবেদক
হালনাগাদ ভোটার তালিকায় যশোর জেলার ৭টি উপজেলায় ভোটার বেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৭শ ২৪ জন। জেলার ৮ উপজেলার মধ্যে ঝিকরগাছা উপজেলার তথ্য কর্মকর্তাদের কাছে নেই। যে কারণে ঝিকরগাছায় কি পরিমাণ ভোটার বেড়েছে তা জানা সম্ভব হয়নি। তবে এ উপজেলায় আগে করা ভোটারের সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৭৪৫ জন।
আগের তালিকা অনুযায়ী ৮টি উপজেলায় ভোটার ছিল ২২ লাখ ৯৮ হাজার ৭শ ৩৪ জন। নতুন তালিকা অনুযায়ী বর্তমানে ভোটার সংখ্যা (ঝিকরগাছা বাদে) ২৪ লাখ ৩৪ হাজার ৪শ ৫৮ জন। গত ১২ সেপ্টেম্বর ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর জেলা নির্বাচন অফিস সূত্র এ তথ্য জানিয়েছেন।
হালনাগাদ তথ্য অনুযায়ী সদর উপজেলায় নতুন ভোটার পুরুষ ১৪ হাজার ৬শ ৯৯, মহিলা ১৬ হাজার ৩০৫ ও তৃতীয় লিঙ্গ ৩ জন। শার্শায় পুরুষ ১১ হাজার ৬শ ১০ ও মহিলা ১১ হাজার ৩শ ৯০ জন। মণিরামপুর উপজেলায় পুরুষ ১৪ হাজার ৩শ ২৫ ও মহিলা ১২ হাজার ৬শ ৭৫ জন। কেশবপুর উপজেলায় পুরুষ ৮ হাজার ৩শ ৩৬ ও মহিলা ৭ হাজার ৬০৬ জন। অভয়নগর উপজেলায় পুরুষ ৭ হাজার ৪শ ৭২ ও মহিলা ৭ হাজার ৮শ ২১ জন। বাঘারপাড়ায় পুরুষ ৭ হাজার ১শ ১০ ও মহিলা ৪ হাজার ৮শ ৯০ জন। চৌগাছা উপজেলায় নতুন ভোটার হালনাগাদ হয়েছে পুরুষ ৫ হাজার ৯শ ২৬ ও মহিলা ৫ হাজার ৫শ ২৬ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী জানান, এ জেলায় মোট ভোটার ছিল ২২ লাখ ৯৮ হাজার ৭শ ৩৪ জন। ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২২ এ নতুন অন্তর্ভুক্ত ও কর্তন শেষে যশোরে মোট ভোটার বেড়ে হয়েছে ২৪ লাখ ৩৪ হাজার ৪শ ৫৮ জন।
নতুন নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ ৬৯ হাজার ৫০২ ও নারী ৬৬ হাজার ২শ ১৫ এবং তৃতীয় লিঙ্গ ৭ জন। নতুন নিবন্ধনে নারীদের চেয়ে পুরুষ ভোটার ৩ হাজার ২৬৫ জন বেশি। তিনি জানান, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২২ এ যশোর সদর উপজেলায় নতুন ভোটারের জন্য আবেদন করেছেন ৪১ হাজার ৪শ ৫০ জন। কিন্তু ১৮ বছরের নিচে বয়স হওয়ায় ১০ হাজার ৪শ ১৩ জনের হালনাগাদ সম্পূর্ণ হয়নি। তবে প্রাপ্ত বয়স হওয়ার সাথে সাথে তাদের নাম সার্ভারে যোগ হয়ে যাবে। তখন তারা ভোটার আইডি কার্ড তুলতে পারবে।
আরও পড়ুন: প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীকে ব্লেড দিয়ে জখম
