অভিযুুক্ত স্ত্রী আটক
নিজস্ব প্রতিবেদক: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অসুস্থ স্বামীর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যাচেষ্টার সময় স্ত্রী হাতেনাতে ধরা পড়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও হাসপাতালের দায়িত্বরত সেবিকারা জানান, ঝিকরগাছা উপজেলার টাওরা গ্রামের নূর ইসলাম অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসেন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এখানে তার প্রথম স্ত্রী জয়গুন নেসা (৪৫) একটি ওষুধের শিশি থেকে সিরিঞ্জ দিয়ে বিষাক্ত ওষুধ নিয়ে স্বামীর হাতের ক্যানোলার মধ্যে পুশ করার চেষ্টা চালায়। এ সময় পাশের বেডের রোগীর স্বজনরা বিষয়টি সন্দেহজনক মনে করে দায়িত্বরত সেবিকাদের খবর দিলে তারা হাতেনাতে জয়গুন নেসাকে ধরে ফেলেন। পরে হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের খবর দেয়। পুলিশ তাকে আটক করে।
এরপর ঘটনাস্থলে পুলিশ ও সাংবাদিকরা এসে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করে জানান, তিনি ঝিকরগাছার একটি দোকান থেকে বিষাক্ত ওই ওষুধ গোপনে কিনে নিয়ে হাসপাতালে আসেন। সেই ওষুধ তিনি ক্যানলার মাধ্যমে স্বামীর শরীরে কৌশলে পুশ করে হত্যার চেষ্টা চালান। স্বামী নূর ইসলাম দ্বিতীয় বিয়ে করায় প্রতিনিয়ত সংসারে কলহ লেগে থাকতো। যার ফলে জয়গুন তার স্বামী নূর ইসলামকে হত্যার পরিকল্পনা করেন। এরই মাধ্যমে তিনি অসুস্থ স্বামীর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করার চেষ্টা চালান। এদিকে খবর পেয়ে পুলিশের মোবাইল টিম হাসপাতালে এসে জয়গুনকে হেফাজতে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় নিয়ে যান। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জয়গুন নামে এক নারীকে তার স্বামীর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করার অভিযোগে আটক করে আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।