ঢাকা অফিস
কোনো পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকালে প্রায় এক ঘণ্টাব্যাপী এই পরিদর্শনে তিনি পায়ে হেঁটে এক ভবন থেকে অন্য ভবনে ঘুরে দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে দেখেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান সরকারপ্রধান। নিজ কার্যালয়ের নিচে নামার পর মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। সংক্ষিপ্ত আলাপের পর হঠাৎ করেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সচিবালয়ের ভেতরে হাঁটা শুরু করেন প্রধানমন্ত্রী।
প্রথমে তিনি সচিবালয়ের ৬ নম্বর ভবনে যান। সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি পাশের ৫ নম্বর ভবনে গিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন।
পরবর্তীতে ৩ নম্বর ভবনে গিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে নিজ কার্যালয়ে ফিরে আসেন তিনি।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন।
হঠাৎ এ পরিদর্শনে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সার্বিক কার্যক্রমে বাড়তি তৎপরতা লক্ষ্য করা যায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে ফিরে নিয়মিত কার্যক্রম শুরু করেন।
