নিজস্ব প্রতিবেদক: হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন যশোরের উদ্যোগে বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। রমজানের পবিত্রতার নামে ছাটাই-নির্যাতন বন্ধ, সকল বকেয়া মজুরি পরিশোধ, মজুরি বোর্ড গঠন করে বাঁচার মতো নি¤œতম মূল মজুরি নির্ধারণ, বেকার শ্রমিকদের বেকারভাতা, সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু, সবেতনে ছুটিসহ উৎসব ভাতা প্রদানের দাবিতে এই সমাবেশ করা হয়।
মুজিবর রহমান মহারাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর শাখার সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আইয়ুব হোসেন ও প্রচার সম্পাদক আতিকুর রহমান জিহাদ, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরণ সরকার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, এপ্রিলের শুরুতেই রমজান মাসের আগমন উপলক্ষে দ্রব্যমূল্যের চলমান উর্ধ্বমুখী বাজার আরো চড়া হওয়ার আশঙ্কা যেখানে বিদ্যমান এবং দেশের সমস্ত শ্রমজীবী ও মেহনতি মানুষ নিদারুণ কষ্টে দিন পার করছে, সেখানে হোটেল শ্রমিকদের রমজান মাসকে কেন্দ্র করে রয়েছে ব্যাপক চাকরিচ্যুতির আশংকা। এমনিতেই সারা বছর চাকরির অনিশ্চয়তা, সময়মত বেতন না পাওয়া, অতিরিক্ত কর্ম ঘণ্টা, আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করে চাকরিচ্যুত করা, স্বাস্থ্য সম্মত কর্মপরিবেশ ও থাকা খাওয়ার সু-ব্যবস্থা না থাকা, কথায় কথায় বিনা কারণে চাকরিচ্যুত করা, নিয়োগপত্র-পরিচয়পত্র না দিয়ে শ্রম আইনগত সুবিধা পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা এবং শারীরিক ও মানসিক নির্যাতন ইত্যাদি নানান রকম সমস্যা-সংকট নিয়ে হোটেল শ্রমিকদের জীবন-জীবিকা চালাতে হয়।
নেতৃবৃন্দ আরো বলেন, আসন্ন রমজানে যারা চাকরিতে নিয়োজিত তাদেরকে আরেক দফা ছাঁটাই করা হলে এই শ্রমিকরা কোথায় যাবে? এ অবস্থায় ছাটাই-নির্যাতন বন্ধ, সকল বকেয়া মজুরি পরিশোধ, উৎসব বোনাস ও সবেতনে ছুটি প্রদানের জন্য মালিকদের প্রতি আহ্বান জানান। একই সাথে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ মজুরি নির্ধারণ, সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু, বেকার শ্রমিকদের বেকার ভাতা ইত্যাদি দাবিতে আরো জোরদার সংগঠন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে সংগঠনের পাইপপট্টিস্থ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।