নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস, এই দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন। এদিনে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের সরকার গঠন করা হয়। সেই সরকারের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। সেই জন্য ১৭ এপ্রিল জাতির কাছে ঐতিহাসিক দিন। এ সরকারের রাষ্ট্রপতি ছিলেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু’র ঘনিষ্ট সহচর সৈয়দ তাজউদ্দিন। উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু গ্রেফতার হলে তাজউদ্দিন ও নজরুল ইসলামরা বঙ্গবন্ধু’র আর্দশ মেনে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন। ১৭ এপ্রিলের পর দেশের ইতিহাসে নতুন মাত্রা যুক্ত হয়। তাই দিনটি এত গুরুত্বপূর্ণ।’
ঐতিহাসিক মুজিবনগর দিবসে যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, মুজিবনগর সরকার গঠন না হলে দেশ স্বাধীন হতো না। তাদের প্রচেষ্টায় দেশের মানুষ এক হয়ে যুদ্ধে জয়ী হয়েছেন। আর এমন দিনে সিনিয়র নেতারা এই আয়োজনে আসেনি। এমন নেতা না নিয়ে ছাত্রলীগ যুবলীগ দিয়ে দল চালানো ভালো।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এসএম নিয়ামত উল্লাহ ও মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাজাদ জাহান দিহান।