কল্যাণ ডেস্ক
নড়াইলের কালিয়া উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে সংঘটিত হামলার ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে প্রচারের অভিযোগ উঠেছে ভারতের কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে। স্থানীয় সূত্র ও বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে সামঞ্জস্য না রেখে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা বাড়িয়ে এবং ঘটনাকে হিন্দু সম্প্রদায়ের ওপর বড় ধরনের হামলা হিসেবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার।
প্রতিবেদন অনুযায়ী, গত ২০ নভেম্বর কালিয়া উপজেলার বেন্দারচর ও আশপাশের এলাকায় এসব সহিংসতার ঘটনা ঘটে। এর দুই দিন আগে মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দুই বিএনপি নেতা নিহত হন। ওই হামলায় আওয়ামী লীগের কর্মীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
দ্য ডেইলি স্টারের সরেজমিন প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী সহিংসতায় প্রায় ৪০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালান বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িও রয়েছে।
অন্যদিকে, ভারতের জি ২৪ ঘণ্টা, রিপাবলিক ওয়ার্ল্ড, এবিপি আনন্দ, নিউজ১৮ বাংলা ও হিন্দুস্তান টাইমস বাংলাসহ কয়েকটি গণমাধ্যমে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা ২০০ থেকে ৩০০ বলে প্রচার করা হয়েছে। এসব বাড়িকে হিন্দু ধর্মাবলম্বী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বলে উল্লেখ করা হয়।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, এসব সংবাদ প্রকাশের ক্ষেত্রে কয়েকটি গণমাধ্যম বেনামি সূত্রের তথ্য যাচাই ছাড়াই ব্যবহার করেছে। এমনকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ-সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও পোস্টের তথ্যও উদ্ধৃত করা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ ও বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে নিশ্চিত হওয়া তথ্যের সঙ্গে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে বড় ধরনের পার্থক্য রয়েছে।
ঘটনাটি রাজনৈতিক সহিংসতার হলেও সেটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপনের অভিযোগ নতুন করে বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমের দায়িত্বশীলতা, তথ্য যাচাই এবং অপতথ্য প্রচারের বিষয়টি সামনে এনেছে। সূত্র : ডেইলি স্টার
