নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরের ঝিকরগাছায় অস্ত্রবিরোধী অভিযানে ওয়ানশুটার গান ও এক রাউন্ড কার্তুজসহ রাকিব হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-৩-এর সদস্যরা।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঝিকরগাছা উপজেলার নাভারন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব হোসেন উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
এসআরবি-৬, সিপিসি-৩-এর অধিনায়ক ইয়ামিম মুবীন সরকার সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাভারন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাকিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাকিবকে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইয়ামিম মুবীন জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
