ঢাকা অফিস
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পলাতক নেত্রী’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি দেশের গণতান্ত্রিক জনগণের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে দেশবাসী এসব নির্দেশের বিষয়ে জানতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তাঁর অনুসারীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গণতান্ত্রিক জনগণকে হত্যার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশও দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এসব বিষয় দেশবাসী জানতে পেরেছে।
প্রধানমন্ত্রীর ভাষ্য, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটি প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী।
বিভিন্ন ঘটনায় আওয়ামী লীগকে দায়ী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত দলটির নেতাদের দায়ী করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এসব সন্ত্রাসী শক্তি দেশে-বিদেশে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির নেতা নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, যুক্তরাষ্ট্রে এনসিপির নেতাদের সঙ্গে আচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনাকে তিনি এর উদাহরণ হিসেবে তুলে ধরেন।
এ সময় ভারতের ভূমিকার সমালোচনা করে তারেক রহমান বলেন, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাব এখন স্পষ্ট। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী ও গণতান্ত্রিক জনগণের পাশে না থেকে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
তিনি বলেন, দেশপ্রেমিক ও স্বাধীনতাপ্রিয় মানুষ অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি। একইভাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানও কেউ অন্যের বশ্যতা মেনে নেওয়ার জন্য ঘটায়নি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, লাখো প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আবার ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছে।
পোশাকশ্রমিকদের কারখানা রক্ষার আহ্বান
সংসদের সমাপনী বক্তব্যে দেশের পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলন, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের সমস্যা ও পোশাকশিল্পের সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত রয়েছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই ন্যূনতম মজুরি বোর্ড নতুন মজুরি ঘোষণা করবে।
তারেক রহমান বলেন, গত ৫০ বছরে এ দেশের শ্রমিক ও মালিকেরা সম্মিলিতভাবে গার্মেন্ট শিল্পকে একটি সমৃদ্ধ খাতে পরিণত করেছেন। এ শিল্পে কর্মরত শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণভাবে ওয়াকিবহাল।
তবে বিদেশে পলাতক একটি শক্তির উসকানিতে কেউ কেউ কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করছেন বলে অভিযোগ করেন তিনি। এতে শ্রমিকদের নিজেদের কর্মস্থলই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী।
শ্রমিকদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, কারখানা নষ্ট হয়ে গেলে তাঁদের বেতন আসবে কোথা থেকে? তাঁর মতে, একটি কারখানা ধ্বংস হলে শুধু মালিকপক্ষ নয়, শ্রমিকেরাও ক্ষতিগ্রস্ত হবেন।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকেরা দীর্ঘদিনের শ্রম ও প্রচেষ্টায় এ শিল্প গড়ে তুলেছেন। তাই কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের কর্মস্থল রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, নিজেদের হেফাজত করার পাশাপাশি যে কর্মস্থল থেকে তাঁদের জীবিকা নির্বাহ হয়, সেটিও রক্ষা করতে হবে।
মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বান
সমাপনী বক্তব্যের শুরুতে সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম পরিচালনায় সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, অধিবেশনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সবাই একমত হলেও বেশ কিছু বিষয়ে মতপার্থক্য ছিল। তবে গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি সম্মান।
তারেক রহমান বলেন, দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পুনর্গঠনে এগিয়ে আসতে হবে। জনগণের নির্বাচিত সংসদ ও সরকার একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। দেশের বিভিন্ন এলাকার সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকার গঠনের পর নেওয়া বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, নতুন কুঁড়ি স্পোর্টস, বিভিন্ন ধর্মীয় ব্যক্তির সম্মানী, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বন্ধ কারখানা চালু এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) মাধ্যমে বাংলাদেশে অর্থায়নের সুযোগ নিয়েও কথা বলেন সরকারপ্রধান।
এর আগে অধিবেশনে সমাপনী বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
বুধবার বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতির আসনে বসেন। মন্ত্রীদের প্রশ্নোত্তর ও আইন প্রণয়ন কার্যক্রম শেষে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে রাষ্ট্রপতির পাঠানো অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান স্পিকার।
