নিজস্ব প্রতিবেদক
যশোরের ভৈরব নদ থেকে কচুরিপানা অপসারণ ও নদকে পরিচ্ছন্ন রাখার চলমান উদ্যোগে সংহতি প্রকাশ করে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নদ পরিষ্কারের কাজে অংশ নেন।
ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান এ পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সরাসরি কচুরিপানা অপসারণে যুক্ত হন।
যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ডা. ঊষা তাঁর সাহসী ও প্রশংসনীয় উদ্যোগের মাধ্যমে ভৈরব নদ থেকে কচুরিপানা অপসারণের যে কার্যক্রম শুরু করেছেন, তা অনুকরণীয়। তাঁর এই উদ্যোগকে উৎসাহিত করতেই তাঁরা পাশে দাঁড়িয়েছেন। ভৈরব নদকে দূষণমুক্ত ও প্রাণবন্ত করতে সহযোগিতা অব্যাহত থাকবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল বলেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় সকাল থেকেই তাঁরা স্বেচ্ছাশ্রমে নদ পরিষ্কারের কাজে অংশ নিয়েছেন। ভৈরব নদ যশোরের সম্পদ। একে দূষণমুক্ত রাখা শুধু কারও একার দায়িত্ব নয়, এটি সবার নাগরিক দায়িত্ব।
সংগঠনের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর বলেন, ডা. ঊষার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দল ও এর অধীনস্থ ইউনিটের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন। ভৈরব নদকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে তাঁদের সহযোগিতা ও কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ডা. সাদিয়া মনোয়ারা ঊষার উদ্যোগে ভৈরব নদ থেকে কচুরিপানা অপসারণের স্বেচ্ছাশ্রমমূলক কার্যক্রমে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
