নানা কর্মসূচিতে অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়ের নাম তরিকুল ইসলাম। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে যিনি জায়গা করে নিয়েছিলেন সর্বস্তরের মানুষের হৃদয়ে। তাঁর অষ্টম মৃত্যুবার্ষিকীতে সেই শ্রদ্ধা ও ভালোবাসারই প্রতিফলন ঘটেছে যশোরে। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শহরের কারবালা কবরস্থানে কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচিতে তাঁকে স্মরণ করেছেন দলীয় নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সকাল সাড়ে ১০টায় শহরের কারবালা কবরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। সবাই তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
কবর জিয়ারতে অংশ নেন তরিকুল ইসলামের সহধর্মিণী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, তাঁর বড় ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত এবং ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলি।
আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুর বারী রবু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু এবং জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কবর জিয়ারত শেষে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে সেখানে কোরআনখানির আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে জেলা মৎস্যজীবী দলের আয়োজনে মুসল্লিদের মধ্যে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করা হয়।
এ ছাড়া তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় যশোর জেলা সদর থেকে শুরু করে জেলার সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল ও গণভোজের কর্মসূচি পালন করা হচ্ছে।
রাজনীতি, জনসেবা ও যশোরের উন্নয়নে তরিকুল ইসলামের দীর্ঘ অবদান স্মরণ করে এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
