নিজস্ব প্রতিবেদক: যশোরে গরীব ও অসহায়দের মাঝে সরকারি যাকাত ফান্ডের যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার ইসলামিক ফাউন্ডেশন যশোরের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার ৬০ জনকে যাকাতের অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান যাকাত গ্রহীতাদের মাঝে নগদ অর্থ তুলে দেন। যাকাত পেয়ে খুশি এসব অসহায় দরিদ্ররা মানুষেরা জানিয়েছেন, যাকাতের প্রাপ্ত অর্থ নিজেদের স্বাবলম্বী হওয়ার পথে ভূমিকা রাখবে।
যশোর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক বিল্লাল বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, প্রেসক্লাব যশোরে সভাপতি জাহিদ হাসান টুকুন, ইউসিবি ব্যাংকের খুলনা রিজিওনাল প্রধান ফকির আক্তারুল আলম খান।
যশোর ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক বিল্লাল বিন কাশেম জানান, এ বছর যাকাত আদায় হয়েছিল ২ লাখ ৬৭ হাজার ১৮৫ টাকা। আর ৬০ জন গরীব ও অসহায়দের মাঝে ৩ লাখ ৩৬ হাজার ৩০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে জেলায় ১৮ জনকে ১০ হাজার করে টাকা প্রদান করা হয়। যাকাত মূলত গরীব অসহায়দের প্রাপ্য। সরকারি যাকাত ফান্ডের টাকা প্রকৃত যাকাত পাওয়ার হকদারদের মধ্যে বিতরণ করার কারণে যাকাত দাতাগণ আস্তার সাথে এই ফান্ডে যাকাত প্রদান করে থাকেন। তবে অনেকটা দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের বৃহৎ একটি জেলা যশোর। এই জেলাটিতে সরকারি ফান্ডে যাকাত প্রদান করেন খুবই কম সংখ্যক মানুষ। আমি বিত্তবানদের আহ্বান জানাবো সরকারি ফান্ডের মাধ্যমে বেশি করে যাকাত প্রদান করার।