নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থিত বনফুল মিষ্টির দোকানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দোকানটির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ, মিষ্টি সংরক্ষণে অব্যবস্থাপনা এবং পরিচ্ছন্নতার ঘাটতিসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান।
অভিযান চলাকালে দোকানটির ভেতরে গিয়ে দেখা যায়, বিক্রির জন্য সাজিয়ে রাখা মিষ্টির আশপাশে অবাধে বিচরণ করছে তেলাপোকা। এমনকি মিষ্টি সংরক্ষণের স্থানেও তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। মিষ্টির মতো সংবেদনশীল খাদ্যপণ্য সংরক্ষণে এমন অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া দোকানে বিক্রির জন্য রাখা মিষ্টির গায়ে প্রয়োজনীয় ট্যাগ না থাকার বিষয়টিও ধরা পড়ে। ফলে পণ্যের পরিচিতি ও মূল্যসংক্রান্ত তথ্য প্রদর্শনের ক্ষেত্রেও অনিয়মের চিত্র উঠে আসে।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বনফুল মিষ্টির দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
