নিজস্ব প্রতিবেদক
দেশের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) বাজারে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে এগিয়ে এসেছে রিপন অটোস প্রাইভেট লিমিটেড। আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকেল ব্র্যান্ড সানরা ইভি (সানরা ইভি)-এর বাংলাদেশের অফিশিয়াল পরিবেশক হিসেবে রাজধানীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি। অত্যাধুনিক ইলেকট্রিক বাইক, স্মার্ট স্কুটার ও পরিবেশবান্ধব প্রযুক্তির সমাহারে প্রদর্শনীতে দর্শনার্থীদের নজর কাড়ছে তাদের প্যাভিলিয়ন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর কুড়িল বিশ্বরোডে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৩য় বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন—বিইভিএমএক্স ২০২৬’। প্রদর্শনীর এক্সপো ভিলেজের ১৮ নম্বর স্টলে রয়েছে ‘সানরা-রিপন অটোজ’ প্যাভিলিয়ন।
এ প্যাভিলিয়নে প্রদর্শন করা হচ্ছে বিশ্বখ্যাত সানরা ব্র্যান্ডের আধুনিক প্রযুক্তিনির্ভর ইলেকট্রিক বাইক, স্মার্ট স্কুটার, উন্নত ব্যাটারি ও পরিবেশবান্ধব মোবিলিটি প্রযুক্তি। এসব যানবাহনের আধুনিক নকশা, প্রযুক্তিগত সুবিধা ও ব্যবহারিক সম্ভাবনা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। বিশেষ করে জ্বালানিনির্ভর পরিবহনের বিকল্প হিসেবে বৈদ্যুতিক যানবাহনের প্রতি আগ্রহীদের কাছে প্যাভিলিয়নটি আকর্ষণীয় হয়ে উঠেছে।
২০১১ সালে যাত্রা শুরু করা রিপন অটোজ প্রাইভেট লিমিটেড দীর্ঘদিন ধরে দেশের টু-হুইলার যন্ত্রাংশ আমদানি ও সরবরাহ খাতে কাজ করছে। এবার আন্তর্জাতিক ব্র্যান্ড সানরা ইভির অফিশিয়াল পরিবেশক হিসেবে ইলেকট্রিক ভেহিকেল খাতে নতুন যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশের বাজারে আধুনিক ইলেকট্রিক বাইক ও স্কুটারের প্রসার এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার বিকাশে ভূমিকা রাখতে চায় তারা।
আয়োজক প্রতিষ্ঠান সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ১৬টির বেশি দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। রয়েছে ২০০টিরও বেশি বুথ এবং দেশি-বিদেশি ২৫টির বেশি ইলেকট্রিক ভেহিকেল ব্র্যান্ড। ইলেকট্রিক গাড়ি, মোটরসাইকেল, স্কুটার ও থ্রি-হুইলারের পাশাপাশি ব্যাটারি, চার্জিং স্টেশন, যন্ত্রাংশ এবং নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিও প্রদর্শিত হচ্ছে।
এতসব আয়োজনের মধ্যে সানরা-রিপন অটোজ প্যাভিলিয়ন হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী দেশের ইলেকট্রিক ভেহিকেল শিল্পের বিকাশ, নতুন প্রযুক্তির পরিচিতি এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী প্রাঙ্গণ। প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
