নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বড়বাজারের হাটচান্নি মার্কেট থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধারের অভিযোগে আটক কালু ও মীমসহ ৬জনের নামে থানায় মামলা হয়েছে। র্যাব-৬ যশোর ক্যাম্পের ডিএডি আবু তাহের কোতোয়ালি থানায় এই মামলা করেছেন।
কালু শহরের চাঁচড়া রায়পাড়ার মৃত সোবহান সরদারের ছেলে এবং তন্ময় ইসলাম মীম একই বাজারের মা এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী ও শহরের নীলগঞ্জ সাহাপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
এই মামলার পলাতক অন্য আসামিরা হলো, বারান্দীপাড়ার বাসিন্দা ব্যবসায়ী হাজী বকুল, ঘোপ জেল রোডের বাসিন্দা এবং ওই বাজারের চিহ্নিত পটকা বাজির ব্যবসায়ী টিপু এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মৃত শেখ নিয়ামত আলীর ছেলে নুর ইসলাম, শহরতলীর ঝুমঝুপুরের ইউসুফ আলীর ছেলে ওই বাজারের এমআর ট্রেডের সত্ত্বাধিকারী ইউনুস আলী এবং পূর্ববারান্দীপাড়ার মৃত মহাসিন আলীর ছেলে শামসুল হুদা।
র্যাব জানিয়েছে, আসামিরা শুল্ক ফাঁকি দিয়ে দেশে বিভিন্ন ভারতীয় পণ্য এনে তা গোপনে বিক্রি করে। বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে সংবাদ পেয়ে ওই মার্কেটের ৬টি দোকানে তল্লাশি করে ৩ লাখ ৯৪ হাজার ৪শ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। এ সময় দুইজনকে আটক করা হলেও বাকি চারজন পালিয়ে যায়।
