নিজস্ব প্রতিবেদক
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম পিন্টুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
মঙ্গলবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, কেন্দ্রীয় সিদ্ধান্তকে অবজ্ঞা করে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যক্রম পরিচালনার বিষয়টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এমন কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।
নোটিশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে পিন্টুকে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে নোটিশটি পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ওরফে ‘গোল্ড শহীদকে’ অব্যাহতি দেয় কেন্দ্রীয় যুবদল।
কেন্দ্রীয় যুবদলের ওই সিদ্ধান্তের প্রতিবাদে শার্শায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে গোল্ড শহীদের পদ ফিরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়।
অভিযোগ রয়েছে, ওই বিক্ষোভ কর্মসূচিতে প্রকাশ্যে অংশ নিয়ে নেতৃত্ব দেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এমন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
