যশোরের চৌগাছায় এক এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগে চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া রাব্বি উপজেলার ১ নম্বর ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে।
শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে চৌগাছা থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রেকর্ড করা হয়।
মামলার এজহার সূত্রে জানা যায়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করার জন্য ভুক্তভোগী শিক্ষার্থী তার প্রতিবেশী ও মামাতো ভাই আরাফাত হোসেন রাব্বির সহযোগিতা চান। শনিবার সকালে রাব্বি তাকে চৌগাছা শহরে নিয়ে আসে। যদিও সেদিন সরকারি ছুটির কারণে উপজেলা নির্বাচন অফিস বন্ধ ছিল।
অভিযোগে বলা হয়েছে, পরে রাব্বি বিভিন্নভাবে বুঝিয়ে মেয়েটিকে চৌগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রিবিলিপাড়া এলাকার বাসিন্দা জাহান্নারা বেগমের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। ঘটনার পর মেয়েটি অসুস্থ হয়ে পড়েন। কিছুটা সুস্থ হলে তিনি নিজ বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানান।
এরপর শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর মা মেয়েকে সঙ্গে নিয়ে চৌগাছা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর এসআই আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভুক্তভোগীর পরিবারের লিখিত এজহারের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত আরাফাত হোসেন রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার যশোর আদালতে পাঠানো হবে। মামলার অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
