নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় আলী রেজা নামে এক প্রবাসীর হয়ে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম) হিসাব বিজ্ঞান পরীক্ষা দিতে গিয়ে সুমন হোসেন (১৯) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। আলী রেজা চৌগাছার তরিকুল ইসলাম পৌর কলেজের কারিগরি শাখার পরীক্ষার্থী। তিনি মালেশিয়া প্রবাসী। আর গ্রেপ্তার সুমন আগেই এইচএসসি পাশ করেছে। পেশায় রাজমিস্ত্রি। তাদের দু’জনই উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের বড়কাবিলপুর গ্রামের বাসিন্দা।
রোববার (২৭) আগস্ট চৌগাছা সরকারি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০ এর ৩ ধারায় চৌগাছা থানায় মামলা করেছেন চৌগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কেন্দ্র সচিব রফিকুল ইসলাম কবীর।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, ‘রোববার পরীক্ষা শুরুর পর একজন প্রবাসীর হয়ে অন্য একজন প্রক্সি দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কেন্দ্র সচিবকে প্রবেশপত্রের সাথে মিলিয়ে দেখতে বলা হয়। এতে ধরা পড়ে একজন প্রবাসীর হয়ে সুমন নামে অন্যজন পরীক্ষা দিতে আসে। পরে কেন্দ্র সচিবকে নির্দেশ দেয়া হয় তার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন ১৯৮০ এর ৩ ধারায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার জন্য। ইউএনও আরও জানান, জিজ্ঞাসাবাদে ওই যুবক জানায়, ‘তাকে তরিকুল ইসলাম পৌর কলেজের বিএম শাখার শিক্ষক মোস্তাফিজুর রহমান ভাড়া করে এনেছিলো।’
কেন্দ্র সচিব রফিকুল ইসলাম কবীর বলেন, সকালে পরীক্ষা শুরুর পর তাকে খাতাও দেয়া হয়। পরে প্রবেশপত্র যাচাই করলে ছবির সাথে তার চেহারা মেলেনি। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করে আলী রেজা নামে অন্য একজনের হয়ে সে পরীক্ষা দিতে এসেছিলো। জিজ্ঞাসাবাদে সে আরও জানায় তরিকুল ইসলাম কলেজের শিক্ষক মোস্তাফিজুর রহমান তাকে আলী রেজার হয়ে পরীক্ষা দিতে নিয়ে এসেছিলো। তিনি বলেন ইএনওর নির্দেশ মোতাবেক এ বিষয়ে থানায় এজহার দিয়েছি।
তবে তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মুঞ্জুরুল ইসলাম লিটু বলেন, এর দায় সম্পূর্ণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের। আমি শুনেছি পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা পর ওই ছেলেটি পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশ করে। অথচ পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর আর কেউ কেন্দ্রে প্রবেশ করার কথা নয়। অন্যদিকে তার কলেজের শিক্ষক ১৪৪ ধারা ভঙ্গ করে কেন্দ্রে থাকার বিষয়ে তিনি বলেন, এটার দায়ও কেন্দ্র সংশ্লিষ্টদের। ওই শিক্ষক কেন্দ্রর দায়িত্বপ্রাপ্ত কেউ যেমন নয়, তেমনি কক্ষ পরিদর্শকও নয়। তাহলে ১৪৪ ধারা ভঙ্গ করে কিভাবে সে কেন্দ্রে প্রবেশ করে?
চৌগাছা সরকারি কলেজের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করে বলেন, চলতি এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দুদিন ভালো পরীক্ষা হওয়ায় অধ্যক্ষদের মধ্যে আন্ডারস্টান্ডিং করে যেসব শিক্ষক কক্ষ পরিদর্শক হিসেবে একটু কঠিন, ভালো ডিউটি করেন। তাদের ডিউটি বাতিল করে অন্য শিক্ষকদের ডিউটি দেয়া হয়েছে। যাতে শিক্ষার্থীরা সুবিধা পায়।
