নিজস্ব প্রতিবেদক: যশোরে গাছের জাম পাড়তে নিষেধ দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে রামনগর বলাডাঙ্গায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন- সদরের রামনগর বলাডাঙ্গার খালিদুর রহমান (৫৫), ছোট ভাই জাহিদ হোসেন (৪০), বড় ছেলে নাদিম হোসেন (২৮) ও ছোট ছেলে নাঈম হোসেন জিম (২১)।
আহত জিম জানান, নিজেদের গাছের জাম জয়নাল হোসেন (১৩) না বলে গাছে উঠে পাড়তে গেলে গাছের মালিক খালিদুর রহমান নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে একই এলাকার আক্তারুজ্জামান (৪০), মন্টু মিয়া (৩৫), জুবায়ের হোসেন (২৫) ও রিজাউল হোসেনসহ ৫/৭জন খালিদুর, জাহিদ, নাদিম ও জিমের উপর কাঠের চলা দিয়ে হামলা করে। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হামলায় চারজনকে জরুরি চিকিৎসা শেষে তিনজনকে ভর্তি করা হয়।
যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, রামনগর বলাডাঙ্গায় জাম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে চারজন আহত হয়েছেন। মামলা প্রক্রিয়াধীন।