ঢাকা অফিস
দীর্ঘ ২০ বছরের বিরতির পর পৈতৃকভিটা বগুড়ার গাবতলীর বাগবাড়িতে সফরে গেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোরে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে সড়কপথে উত্তরের পথে যাত্রা করেন তিনি।
সকাল ৬টা ১০ মিনিটে সফর শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন। সফরে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব রুমন জানান, বগুড়ায় দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি রয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, জনসম্পৃক্ত কর্মসূচি এবং স্থানীয় রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ।
সফরসূচি অনুযায়ী সকাল ১১টায় বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন তিনি। এরপর একে একে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, পৌর ভবনের ফলক উন্মোচনসহ একাধিক সরকারি ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন।
দুপুরে গাবতলীর বাগবাড়িতে জিয়াউর রহমানের গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।
দীর্ঘদিন পর বাগবাড়ি সফর ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা জানান, রাস্তা সংস্কার, রং করা এবং বিভিন্ন স্থাপনার সৌন্দর্যবর্ধনের মাধ্যমে পুরো এলাকা সাজানো হয়েছে সফরকে কেন্দ্র করে।
বাগবাড়ি বাজারের চা দোকানদার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এলাকার ‘ছেলে’কে এক নজর দেখার অপেক্ষায় ছিলেন তারা।
বিকাল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
সফর শেষে একই দিন রাতে সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
