নিজস্ব প্রতিবেদক
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে যশোরে র্যালি ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। পরে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
তিনি বলেছেন, নাগরিক পরিচয়ের আসল দলিল হলো জন্ম নিবন্ধন। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়ও বিষয়টি অন্তর্ভূক্ত। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরকে স্মার্ট জেলায় রূপান্তর করতে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন অন্যতম একটি সূচক। স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ। আরও বক্তৃতা করেন যশোর পৌরসভার প্যানেল মেয়র শেখ রোকেয়া পারভীন ডলি, এনজিও ধারার নির্বাহী পরিচালক লিপিকা দাস গুপ্তা ও সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সেলিম রেজা। সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না হোরায়রা।
সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
