ক্রীড়া ডেস্ক
নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি–টুয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল থাকছে বাংলাদেশ। যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, এই সিদ্ধান্ত থেকে সরে আসার আর কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ গ্রহণ না করায় এবারের বিশ্বকাপে বাংলাদেশের খেলা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
আসিফ নজরুল বলেন, “ভারতে খেলার ক্ষেত্রে আমাদের যে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হচ্ছে, সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এই ঝুঁকি কোনো অনুমাননির্ভর বিষয় নয়, বরং একটি বাস্তব ঘটনার ফল।”
তিনি অভিযোগ করেন, “আমাদের দেশের একজন শীর্ষ ক্রিকেটারকে উগ্রবাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড কার্যত ভারত ছাড়তে বাধ্য করেছে। এই ঘটনা আমাদের জন্য গভীর উদ্বেগের কারণ।”
তবে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অনিচ্ছা প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা।
এদিকে, আসিফ নজরুলের বক্তব্যের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।
বিসিবি সভাপতি বলেন, “আমরা এখনো হাল ছাড়িনি। আজও আইসিসির সঙ্গে যোগাযোগ করব। আমাদের একটাই চাওয়া—বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। এই মুহূর্তে ভারতে যেতে না চাওয়ার কারণ নিরাপত্তা। আমরা চাইলে শ্রীলঙ্কার মতো নিরপেক্ষ ভেন্যুতেও খেলতে প্রস্তুত। দল পুরোপুরি প্রস্তুত রয়েছে।”
উল্লেখ্য, আগের দিন আইসিসির সভায় বিসিবি সভাপতিকে সরকারের সঙ্গে আলোচনা করে ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিনের সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা শেষ হওয়ার পরই সরকার ও বিসিবির পক্ষ থেকে চূড়ান্তভাবে বিশ্বকাপে ভারতে না খেলার সিদ্ধান্তের কথা জানানো হলো।
