নিজস্ব প্রতিবেদক
দাতা সংস্থা ফ্রেড হলোজ ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সহযোগিতায় যশোরে ইন্টিগ্রেটেড পিপল সেন্টার্ড আই কেয়ার (আইপেক) কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার পিকেএস-পরিবার কল্যাণ সমিতি যশোরের চাঁচড়াস্থ কার্যালয়ের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিকেএসের সহসভাপতি একরাম-উদ-দৌলার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি।
সভায় ফ্রেড হলোজ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আমিনুর রহমান, প্রকল্প কর্মকর্তা আজমীরা বিনতে জামান, পিকেএস আই কেয়ার প্রকল্পের বিকল্প অংশীদার উলাসী সৃজনী সংঘের সভাপতি আবিদুর রহমানসহ এফপিএবি, বাঁচতে শেখা, ধারা, বারীনগর সমাজ কল্যাণ সংস্থা ও জয়তী সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া কর্মএলাকার ইমাম, মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় মোট ২৫ জন অংশগ্রহণ করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন পিকেএসের সহসভাপতি একরাম-উদ-দৌলা। পরে ফ্রেড হলোজ ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আমিনুর রহমান আইপেক কমিটি গঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন।
সভায় পিকেএসের ব্যবস্থাপক (এমসিএইচ) আইপেক কমিটির সভাপতি হিসেবে একরাম-উদ-দৌলা, সদস্যসচিব হিসেবে আবিদুর রহমান এবং উপদেষ্টা হিসেবে কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির নাম প্রস্তাব করেন। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন করেন।
পরে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয়।
এদিকে একই দিন বিকেল সাড়ে ৩টায় ফ্রেড হলোজ ফাউন্ডেশনের দুই কর্মকর্তার উপস্থিতি ও সহযোগিতায় পিকেএসের আয়োজনে যশোর সদর উপজেলার বানিয়াবহু ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের চোখের যত্ন এবং চক্ষুস্বাস্থ্য বিষয়ে সচেতন করা হয়।
