# বেশি দামেও মিলছে না সিলিন্ডার
# ফলস রশিদে বেচাকেনা
# ডিলার পয়েন্টেই নির্ধারিতের চেয়ে মূল্য বেশি
নিজস্ব প্রতিবেদক
চুলায় আগুন জ্বালাতে গিয়ে পকেটে আগুন! যশোরে এলপিজি গ্যাসের বাজারে যেন সরকারি দামের কোনো অস্তিত্বই নেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করলেও সেই দামে গ্যাস মিলছে না কোথাও। ডিলার পয়েন্টে সরকারি মূল্য দেখিয়ে ‘ফলস রশিদে’ নেওয়া হচ্ছে বাড়তি টাকা, আর খুচরা বাজারে রশিদ ছাড়াই একই সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়। সবচেয়ে ভয়াবহ অবস্থা বসুন্ধরাসহ কয়েকটি ব্র্যান্ডের গ্যাসে—টাকা দিয়েও মিলছে না সিলিন্ডার। ফলে রান্নার চুলা জ্বালাতে না পেরে কেউ রাইস কুকারে ভাত-আলুভর্তা খাচ্ছেন, কেউ কিনছেন বৈদ্যুতিক চুলা। গ্যাসের এই ‘হাহাকার’ এখন যশোরের ঘরে ঘরে।
এছাড়া মানুষ গ্যাস সংকটে বিকল্প হিসেবে ইগনিটর বা বৈদ্যুতিক চুলার দিকে ঝুকছে। ফলে, বিদ্যুৎ সংকট আরোও ঘনীভূত হচ্ছে। সাধারণ গ্রাহকদের মতে, বিইআরসির নির্ধারিত দামে কোথাও এলপিজি বিক্রি হচ্ছে না। এতে ভোক্তাদের বেশি দামে কিনতে হচ্ছে। এলপিজি খাতের অনিয়ম ঠেকাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, যশোরে বিভিন্ন দামে ১২ কেজির সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে। এরমধ্যে টি গ্যাস ১৯৫০ টাকা, টোটাল ১৮৫০, আই গ্যাস ১৯৫০ টাকা, ওমেরা ২০৫০, সান ২০০০, বেক্সিমকো ২০৫০, সেনা ২০০০, যমুনা ২০০০ ও পেট্রােম্যাক্স ১৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বসুন্ধরা গ্যাস বাজারে নেই বললেই চলে। মাঝেমধ্যে পাওয়া গেলেও তা অঞ্চলভেদে বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। আবার অনেক সময় বেশি টাকা দিয়েও মিলছে বসুন্ধরা গ্যাস। এমনকি বসুন্ধরা গ্যাস পরিবর্তন করে অন্য কোম্পানির গ্যাসও দিচ্ছেন না তারা। এতে এই কোম্পানির গ্যাস ব্যবহারকারীরা পড়েছেন বিপাকে।
যশোরের ঝিকরগাছার লক্ষী স্টোরের স্বত্বাধিকারী মোহন কুমার ও মা মেডিকেলের স্বত্বাধিকারী রাসেল হোসেন জানান, আমারা দীর্ঘদিন ধরে গ্যাস পাচ্ছি না। তাই বিক্রিও করছি না।
নওয়াপাড়ার বাসিন্দা রাজিউর রহমান জানান, কোথাও গ্যাস না পাওয়াতে তিনি চারদিন রাইস কুকারে রান্না করে আলুভর্তা ভাত খেয়েছেন। অবশেষে ইলেকট্রিক চুলা কিনতে বাধ্য হয়েছেন। ভাঙ্গাগেট-মহাকাল এলাকার মুদি দোকানি স্বপন শীল বলেন, সরবরাহ মারাত্মক কম। ওমেরা, সিটি সিলিন্ডার ২ হাজার থেকে ২২শ’ টাকায় বিক্রয় হচ্ছে।ভৈরব ফুয়েলে বসুন্ধরা গ্যাস সিলিন্ডার চাইলে গ্যাস নেই বলে জানান। মডেল স্কুল রোডে জিসুবহান প্রতিষ্ঠানে একই দৃশ্য। অথচ ২৫০০-২৬০০ টাকা দিলেই মিলছে বসুন্ধরা গ্যাস সিলিন্ডার।
সরেজমিনে যশোর পালবাড়ি এলাকার সোনালী এন্টারপ্রাইজে গেলে দোকানের সামনে গ্যাসের মূল্য তালিকায় ঝুলিয়ে রাখতে দেখা গেছে। তবে এই মূল্য তালিকার সঙ্গে বিক্রয়মূল্যের কোনো মিল নেই। তালিকায় থাকা মূল্য ছাড়া ২০০-৩০০ টাকা বেশিতে গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।
দোকানের বিক্রয় প্রতিনিধি লিটন হোসেন জানান, অভিযানে জরিমানার ভয়ে এই মূল্যতালিকায় টানানো হয়েছে। তবে এই দামে গ্যাস বিক্রি করা সম্ভব নয়। এর চেয়ে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করছি। তিনি জানান, আমরা যমুনা গ্যাস ২০০০ টাকা, ওমেরা ২০৫০ টাকা ও সান ২০০০ টাকায় বিক্রি করছি। তবে বসুন্ধরা গ্যাস পাওয়া যাচ্ছে না। বসুন্ধরার গ্রাহকরা কি করবে; এমন প্রশ্নে তিনি নতুন করে আবার সিলিন্ডারসহ ৩২০০ টাকা দিয়ে অন্য কোম্পানির গ্যাস কেনার পরামর্শ দেন।
পালবাড়ি মাছ বাজারের খুচরা গ্যাস বিক্রেতা মীম এন্টারপ্রাইজের আক্তারুল ইসলাম বলেন, বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রি করছি। বসুন্ধরার দাম জিজ্ঞাসা করলেই তিনি নেই বলে জানান। তবে বেশি দামের কথা বললে ২৪০০ টাকা দিলে ম্যানেজ করে দিবেন বলে জানান।
অর্ণব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অর্ণব জানান, সরকার ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে। তবে আমাদেরকে এর চাইতেও বেশি দামে ডিলারদের কাছ থেকে কিনতে হচ্ছে। আবার বেশি টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। পেলেও তাতে রশিদ দেওয়া হচ্ছে না। কথা বললেই বলছে গ্যাস নেই।
গ্যাসের ডিলার ফিরোজ এন্টারপ্রাইজের ফিরোজ হোসেন বলেন, টি গ্যাসের সরবরাহ বন্ধ আছে। তারা রেটও দিচ্ছে না গ্যাসও দিচ্ছে না। এক সপ্তাহ পরে পেট্রোম্যাক্সের চালান পেয়েছি। আবার কবে দিবে ঠিক নেই। গ্যাসের তীব্র সংকট চলছে।
যশোরের বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার ভ্যারিয়ান্টের স্বত্বাধিকারী নুরুজ্জামান শহীদ বলেন, দীর্ঘদিন ধরে আমাদেরকে বসুন্ধরা গ্যাস সরবরাহ করা হচ্ছে না। আমরা অলস সময় পার করছি। কবে নাগাদ গ্যাস পাবো সেই কথাও নির্দিষ্ট করে কোম্পানি বলছে না। খালি সিলিন্ডার গোডাউন ভর্তি করে বসে আছি। এভাবে চলতে থাকলে ব্যবসা থাকবে না।
আই গ্যাসের ডিলার এইচএস ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ফারুক হোসেন বলেন, ‘দেশে গ্যাসের তীব্র সংকট রয়েছে। যে কারণে এই ব্যবসা নিয়ে এত ছলচাতুরি। আমি যে দামে কোম্পানির কাছ থেকে কিনছি রিটেইল পর্যায়ে সেই দামেই বিক্রি করছি। কোম্পানি আমাকে ফলস রশিদ দিলে বিক্রয়ের সময় আমিও ফলস রশিদ দিবো এটাই স্বাভাবিক। বার্গেডিং করলে বলছে গ্যাস নেই।’ তিনি বলেন, আমরা চাহিদার অর্ধেক যোগান পাচ্ছি। ব্যবসা টিকিয়ে রাখতে ইচ্ছা-অনিচ্ছায় কোম্পানির সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে। একই কথা জানান, যমুনা ও বিএম গ্যাসের ডিলার আকাশ ট্রেডিংয়ের আকাশ হোসেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, সিলিন্ডার গ্যাসের অনিয়ম মোকাবিলায় আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কোনো অনিয়ম পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
