রাড্ডার হামলার অভিযোগের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় পদত্যাগ করলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে দলীয়ভাবে দেওয়া এ সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
গত ৩ মে বিএনপির কোটায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। মাত্র পাঁচ মাসের ব্যবধানে তার সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রাড্ডা সেন্টারে হামলার পরই আলোচনায় মিষ্টি
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনার সঙ্গে মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর থেকেই তার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়।
তবে ফেরদৌসী আহমেদ মিষ্টি শুরু থেকেই হামলার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছেন।
ঘটনাটি নিয়ে তদন্তের কথা জানিয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তদন্তে কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তার এ বক্তব্যের পর বিএনপির সাংগঠনিক পর্যায়ে একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ভেঙে দেওয়া হয়েছে একাধিক কমিটি
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার পর বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর পরদিনই মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় রাজনৈতিক মহলে আলোচনা আরও তীব্র হয়েছে। অনেকের ধারণা, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ওঠা অভিযোগ ও দলীয় তদন্তের প্রেক্ষাপটেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে মিষ্টির পদত্যাগের আনুষ্ঠানিক কারণ স্পষ্ট করা হয়নি।
পুরোনো অভিযোগও ফের সামনে
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ঘটনায় তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ডও নতুন করে আলোচনায় এসেছে। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠার কথা বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও বিতর্ক ছিল।
তবে এসব অভিযোগের বিষয়ে মিষ্টির অবস্থান বা বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
