নিজস্ব প্রতিবেদক: স্কুল প্রাঙ্গনে মাদক কারবারের প্রতিবাদ করায় নাইটগার্ডকে বেধড়ক মারপিট ও জখমের অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে। এ ঘটনায় মামলা করা হলে উল্টো আসামিরা হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। মামলার পর এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন নাইটগার্ডসহ তার পরিবার।
ঘুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড মনিরুল ইসলাম বলেন, স্কুল প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে ঘুরুলিয়া গ্রামের পিয়াল হোসেন ও আশরাফুল আলম আশা মাদক সেবন ও বিক্রি করে আসছিলো। বিষয়টি নিয়ে নিষেধ করলেও তারা শোনেননি। একপর্যায় তিনি এ বিষয়ে তার ফেসবুকে একটি পোস্ট দেন। তারপরই তারা ক্ষিপ্ত হয়ে গত ২২ ফেব্রুয়ারি সকালে মনিরুল ইসলামকে হাতুড়ি ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত ১০ মার্চ মনিরুলের বোন মনিয়ারা ইয়াসমিন কোতোয়ালি থানায় মামলা করেন। কিন্তু মামলার পর পুলিশ আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় আরও ভয়ানক হয়ে উঠেছে পিয়াল ও আশা। আসামিরা মনিরুলকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নওয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মাসুম খান বলেন, স্কুল প্রাঙ্গণে মাদক ব্যবসায়ীদের আনাগোনার বিষয়টি মেনে নেয়া যায়না। বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনের উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।