অভয়নগর (যশোর) প্রতিনিধি: ভবদহের জলাবদ্ধতা দূর করতে আমডাঙ্গা খালে জমে থাকা কচুরিপানা ও অন্যান্য আবর্জনা স্বেচ্ছাশ্রমে অপসারণ করা হয়েছে।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আয়োজনে শুক্রবার জলাবদ্ধ এলাকার শতাধিক জনগণ স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন। এ সময় তারা আমডাঙ্গা খালের স্লুইসগেট ও আশ পাশে জমা থাকা কচুরিপানা, আবর্জনা ইত্যাদি অপসারণ করে পানি প্রবাহ গতিশীল করেছেন বলে দাবি করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান চলে। স্বেচ্ছাশ্রমের নেতৃত্ব দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, অন্যতম নেতা শিবপদ, আ.লীগ নেতা অধির কুমার পাড়ে, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, পলি জমে টেকা হরি নদী ভরাট হয়ে যাওয়ায় ও নদী দিয়ে এক বিন্দু পানিও নিষ্কাশিত হচ্ছেনা। এখন একমাত্র ভরসা আমডাঙ্গা খাল দিয়ে ভৈরব নদের মাধ্যমে জলাবদ্ধতা নিষ্কাশন। যে করণে আমরা আমডাঙ্গা খাল সংস্কারের জন্য সরকারের কাছে জোর দাবি করে আসছি। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য বিল কপালিয়ায় টিআরএম বাস্তবায়নের জন্যও দাবি করছি।