সাজেদ রহমান: বাঙালিদের পূর্ণ নিয়ন্ত্রণে যশোর শহর আসে ৩১ মার্চ। এর আগের রাতে জনতা যশোর কেন্দ্রীয় কারাগার ভেঙ্গে বন্দিদের মুক্ত করে দেন। যাঁদের বেশ কয়েকজন ছিলেন রাজবন্দি। ৩০ মার্চের দিনটি ছিল ঘটনাবহুল। ওই দিন ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে বেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন যশোর সেনানিবাসে বিদ্রোহ করেন এবং হানাদার বাহিনীর ঘেরাও ভেঙ্গে বেরিয়ে যেতে সক্ষম হন। এর আগে থেকেই হানাদাররা অবস্থা বেগতিক দেখে শহর থেকে নিজেদের প্রত্যাহার শুরু করে। ৩০ মার্চ বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহের সময় হানাদার বাহিনী সেনানিবাস থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে থাকে ইপিআর হেড কোয়ার্টার এবং পুলিশ লাইন লক্ষ্য করে। ইপিআর-এর বাঙালি সদস্যরা এরপর সুবেদার আব্দুল মালেকের নেতৃত্বে অস্ত্রাগার লুট করে তা নিজেদের দখলে নেন। পুলিশ লাইনের অস্ত্রাগার ভেঙ্গে সমস্ত অস্ত্র লুট করে স্বাধীনতাকামীদের হাতে দেয়া হয়। শহরের বিভিন্ন স্থানে তারা প্রতিরক্ষা ব্যুহ রচনা করেন। ৩০ মার্চ সন্ধ্যায় খুলনা থেকে আসা পাকবাহিনীর একটি কনভয়ে অ্যাম্বুশ করে শহরের উপকন্ঠে তাদের অনেককে হতাহত করেন ইপিআর সদস্যরা। মেজর ওসমান চুয়াডাঙ্গা থেকে ইপিআর-এর দুটি কোম্পানি পাঠান যশোরের উদ্দেশ্যে, যারা ঝিনাইদহ সড়কের বারোবাজারের কাছে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে লিপ্ত হন এবং শহরে পৌঁছাতে পারে না। ৩০ মার্চ কনভয় আক্রান্ত হয়ে ৫০ জন সেনা হারানোর পর পাকবাহিনী সেনানিবাসে অবরুদ্ধ হয়ে পড়ে। ৩১ মার্চ সকালে দেখা যায়, সেনানিবাসের অভ্যন্তরে সাদা পতাকা উড়ছে, এতে প্রতিরোধকর্মীরা কিছুটা বিভ্রান্ত হন। আসলে সাদা পতাকা উড়িয়ে হানাদার বাহিনী বিমানযোগে ক’দিন বিপুল অস্ত্র ও সেনা এনে যশোর সেনানিবাসে মোতায়েন করে। ১ এপ্রিল বাঙালি সেনা অফিসার যশোরে ছুটিতে এলে ক্যাপ্টেন আব্দুল হালিমকে তিনটি ইপিআর কোম্পানির দায়িত্ব দেয়া হয়। এরপর নতুন করে সেনানিবাস ঘিরে প্রতিরক্ষা ব্যুহ তৈরি হয়। ক্যাপ্টেন আব্দুল হালিম অস্ত্রের জন্য বিএসএফ-এর সাথে যোগাযোগ করেন। প্রথমদিকে সাড়া না মিললেও পরে ১৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার লেঃ কর্নেল মেঘ সিংহ সব ধরনের সাহায্য দেন। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়াই তিনি ৭ এপ্রিল তাঁর অধিনস্থ দু’টি কোম্পানিকে ইপিআর-এর সাহায্যে পাঠান। যশোর বেনাপোল সড়কের লাউজানীতে তারা অবস্থান নেয়।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে