নিজস্ব প্রতিকেদক: যশোরে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত সেলিম হোসেন (৪০) চাঁচড়া ডালমিল এলাকার বাসিন্দা। তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
আহত সেলিম হোসেনের স্ত্রী শামীমা আক্তার (৩১) বুধবার ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। আসামিরা হচ্ছে চোরমারা দিঘির দক্ষিণপাড় আদর্শ পাড়ার লিমন হোসেন (২৫) চাঁচড়া ইসমাইল কলোনীর স¤্রাট (২৬) ও চাঁচড়া ডাল মিলের পশ্চিমপাশের মনির হোসেন মনি (২৩)।
সেলিম হোসেনের স্ত্রী শামিমা আক্তার এজাহারে উল্লেখ করেছেন, আসামিরা তার মেয়েকে (১৩) বিভিন্ন সময় উত্যক্ত করতো। এ কারণে মেয়ে স্কুলে যেতে সাহস পেত না। মেয়েকে উত্যক্ত করতে নিষেধ করায় আসামিরা ক্ষিপ্ত হয়। সেলিম হোসেনকে খুন জখম করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতে থাকে। সেলিম হোসেন চাঁচড়া ডাল মিলের সামনে মাছের ব্যবসা করে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২১ মার্চ রাতে কাজ শেষে চাঁচড়া ডালমিল এলাকার বাড়িতে ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে আসামিরা তাকে কোপায়।