ফেসবুক লাইভে কুৎসা রটানোয় যুবদলের দুই নেতার মামলা
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক প্রচার সম্পাদক এস্কান্দার আলী জনির বিরুদ্ধে কোতয়ালি থানায় সাইবার সুরক্ষা আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা বাদী হয়ে মঙ্গলবার মামলাগুলি করেছেন। অভিযোগে বলা হয়েছে, জনি ফেসবুকে লাইভে এসে দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেছেন এবং ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করেছেন।
এস্কান্দার আলী জনি, যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে, আগে জেলা যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে মাদকাসক্ত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর থেকে ক্ষিপ্ত জনি ফেসবুক লাইভে জেলা যুবদলের নেতাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছেন।
গত ১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে আনছারুল হক চাঁচড়া ডালমিল এলাকার বাড়িতে অবস্থান করার সময় দেখতে পান জনি তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন। একইভাবে, আহ্বায়ক এম তমাল আহমেদও খড়কী শাহ আব্দুল করিম রোডের বাড়িতে অবস্থানকালে জনির এমন কুৎসা রটনার শিকার হন। উভয়ই জেলা বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে পরামর্শ করে থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, জনিকে একাধিকবার সতর্ক করার পরও তিনি অপপ্রচার চালানো বন্ধ করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই কার্যকলাপকে কেন্দ্র করে দুই মামলা দায়ের হয়েছে।
