নিজস্ব প্রতিবেদক: যশোরের ডিবি পুলিশ অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে নড়াইল থেকে আটক করেছে। বৃহস্পতিবার রাত আড়াইটায় নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। কামরুল যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের বাসিন্দা।
ডিবি সূত্র জানায়, এর আগে এ হত্যা চেষ্টার ঘটনায় জড়িত আরও ছয় আসামিকে আটক করে তারা। হত্যা মিশনে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়। আটকৃতদের মধ্যে পাঁচ আসামি আদালতে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা জানান, কামরুলের নির্দেশে এ হত্যাচেষ্টা করা হয়েছিল। অপর আসামিরা সবাই ভাড়াটিয়া। ব্যবসায়ী দ্বন্দ্বের কারণে সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টা করা হয়েছিলো। পরিকল্পনা অনুযায়ী গত ৮ এপ্রিল রাত আটটা ৫০ মিনিটে আনোয়ার তার পালবাড়ি মোড়ের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আনোয়ারকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আনোয়ারের ভাই হায়দার হোসেন অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ। যশোর ও ঝিনাইদহ জেলায় অভিযান চালিয়ে ছয় আসামি আটক করে তারা। সর্বশেষ এ ঘটনার প্রধান আসামির অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে এসআই মফিজুল ইসলাম ও এসআই শামীম হোসেনের সমন্বয়ে একটি টিম নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে কামরুলকে আটক করে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।